ইনিংসের বাকি দুই বল। সেঞ্চুরি করতে শাহাদাত হোসেন দিপুর চাই ৪ রান। আহমেদ দানিয়ালের বল কাউ কর্নার দিয়ে সীমানা ছাড়া করে পৌঁছালেন দিপুর তিন অঙ্কের জাদুকরি সংখ্যায়। আদায় করে নিলেন লড়াকু সেঞ্চুরি।
রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে তার লড়াকু সেঞ্চুরিতেই দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করিয়েছে ‘এ’ দল। তবে তাকে সঙ্গ দিতে পারেননি দলের বাকি ব্যাটাররা। তার সেঞ্চুরিতে ভর করেপাকিস্তান শাহিনসের বিপক্ষে ৮ উইকেটে ২৩২ রান তুলেছে বাংলাদশ।
শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য এখন ২৩৩ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অধিনায়ক সাইফ হাসানের বিদায়ে। মাত্র ২ রান করেন তিনি। ১৪ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দলের বোর্ডে ১ রান যোগ হতেই ১৫ রানে হারায় ৯ রান করা অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেটও।
চাপ সামাল দেয়ার দায়িত্ব কাঁধে নেন শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৫ রানের ওই জুটিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জুটিতে ফিফটি আদায় করে নেন দিপু। কিন্তু ৪ চারে ৪২ রান করা অঙ্কনের বিদায়ে দলীয় ১১০ রানে ভাঙে জুটি। তৃতীয় উইকেট হারানোর পরপরই পথ হারায় বাংলাদেশ।
১১৮ রানেই আফিফ হোসেন (৫) ও সাব্বির রহমান (০) ৩ বলের ব্যবধানে সাজঘরে ফিরলে ৫ উইকেট হারানো বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একাই কাঁধে নেন শাহাদাত দিপু। তখন তার সঙ্গে যোগ হয় এসএম মেহরবের চেষ্টাও। ৫২ রানের জুটি গড়েন দুজনে মিলে। এরপর থেমে যায় মেহরবের চেষ্টাও। তিনি ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নেন ২৮ রান করে দলীয় ১৭০ রানে।
একপ্রান্তে অবিচল থাকা শাহাদাত মেহরবের বিদায়ের এক বল পর আউট হতে দেখলেন রানের খাতা না খোলা মোহাম্মদ রুবেলকে। ১০ রান করে আউট হন রাকিবুল হাসানও। ১৯২ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে এরপর দিপুর সঙ্গে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টায় একটি করে চার ও ছক্কায় ১০ বলে অপরাজিত ১৯ রান করেন রিপন মন্ডল।
ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালকে কাউ কর্নারে ছক্কা মেরে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান শাহাদাত হোসেন। ৭ চার ও ৩ ছক্কায় সাজানোর তার ইনিংসটি ছিল অপরাজিত ১০৩ রানের।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন সুফিয়ান মুকিম। দুটি করে আলি রাজা ও হাসান নওয়াজ। একটি উইকেট পেয়েছেন আহমেদ দানিয়াল।
আরও পড়ুন:







