শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার এড়ানো হলো না বাংলাদেশের। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে প্রাথমিক লক্ষ্য হার এড়ানোই ছিল। সেই লক্ষ্যে উদ্বোধনী জুটিটাও ভালো হয়েছিল টাইগারদের। তবে উইয়ান মুল্ডারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে তৃতীয় দিন দুই সেশনও টিকতে পারল না বাংলাদেশ। এক ইনিংস এবং ২১৯ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৯১ রানে ৭ উইকেট নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগে ৩ উইকেটে ১০৯ রান করে বাংলাদেশ। ওই অবস্থায় বাংলাদেশের সামনে দুটো পথ খোলা ছিল। দ্রুত কিছু রান তুলে হারের ব্যবধান কমানো অথবা প্রথাগত টেস্ট মেজাজে খেলে ইনিংস হার এড়ানো। ম্যাচে ফেরা কিংবা জয়ের আশা তৈরির সম্ভাবনা তখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাওহীদ হৃদয়রা বেছে নিলেন প্রথম পথটাই।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ১২ রান নেয় বাংলাদেশ। নরকিয়াকে ওই ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকান হৃদয়। হৃদয়ের খেলার ধরনে তখন বার্তা স্পষ্ট, আক্রমণাত্মক ধরনে এগোবে বাংলাদেশ। কিন্তু হৃদয়ের এই আক্রমণ বেশিক্ষণ টেকেনি।
লাঞ্চের পর তৃতীয় ওভারেই রাবাদার শিকার হয়ে ফেরেন এই হৃদয়। উইকেটের পেছনে গলিতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৩ বলে ৪১ রান করেছেন এই ব্যাটার।
হৃদয় আউট হওয়ার পর স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেন লিটন দাস এবং শান্ত। এই জুটি ভাঙেন মুল্ডার। ইনসুইং বলের লাইন ধরতে না পেরে বোল্ড হন লিটন।
জাকের আলীকেও বোল্ড করে ফেরান মুল্ডার। তিনিও আউট হয়েছেন মুল্ডারের দুর্দান্ত এক ইনসুইংয়ে। জাকেরকে আউট করার পরের বলে শরিফুলকেও বোল্ড করেন মুল্ডার। আর এতে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফারের স্বাদ পান এই অলরাউন্ডার।
এই উইকেট নিয়ে তিনি আরও একটি কীর্তি গড়েছেন। দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের কীর্তি গড়েন মুল্ডার।
শরিফুলের পর একমাত্র স্বীকৃত ব্যাটার শান্তকেও ফেরান মুল্ডার। আর তাতে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য।
আরও পড়ুন:







