মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট; বাড়ছে লিডের বোঝা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২০:৫৪

শেয়ার

দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট; বাড়ছে লিডের বোঝা
ছবি: সংগৃহীত

দ্বিতীয় সেশনেও খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাবলীল ব্যাটিংই করেছেন প্রোটিয়ারা। তবে এই সেশনে দুটি উইকেট পেয়েছে বাংলাদেশ। যদিও ম্যাচ থেকে এখন অনেক দূরে সফরকারীরা।

দ্বিতীয় দিনের চা বিরতির আগে পর্যন্ত ৭৮ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট হাতে নিয়ে তাদের লিড এখন ২৬৫ রানের।

এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা ধুকলেও সাবলীল ব্যাটিং করছেন প্রোটিয়ারা। দিনের শুরুতেও বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। অবশেষে ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন খালেদ আহমেদ।

ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলটি গুড লেংথে করেছিলেন খালেদ। বলের লাইনে গিয়ে ভালোভাবে খেলতে পারেননি জুবায়ের হামজা, ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে তার প্যাড হয়ে বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজেই বল তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে হামজার ব্যাট থেকে এসেছে ৬১ বলে ২৭ রান।

আগের দিনের ৪৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যাকারম্যান। সবমিলিয়ে ৬১ বলে ফিফটি করেন তিনি। এর পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ৫০ বল। ওয়ানডে স্টাইলে খেলে ১১১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। তাকে থামানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শতে। ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটারকে ফিরেছেন শরিফুল ইসলাম।

দুর্দান্ত ব্যাটিং করা অ্যাকারম্যান আউট হয়েছেন সাদামাটা এক বলে। ৪৪তম ওভারে শরিফুলের করা ফুলটস সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। এরপর ব্যাটার রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। সাজঘরে ফেরার আগে ১৩৮ বলে ১৫০ রান করেছেন অ্যাকারম্যান।

লাঞ্চের পরপরই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন খালেদ। ৫৩তম ওভারে ম্যাথু ব্রিটকিকে ফিরিয়েছেন এই পেসার। উইকেটে থিতু হলেও এদিন ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৯ বলে করেছেন ২০ রান। একই পথে হেটেছেন রায়ান রিকেলটন। ২০ রান করে শরিফুলের শিকার হয়েছেন তিনি।