মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যানের ১৫০, বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৭:২০

শেয়ার

সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যানের ১৫০, বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টেও করেছিলেন সেঞ্চুরি। এবার সেঞ্চুরিয়নের প্রথম ইনিংসেও তিন অঙ্কের দেখা পেলেন মার্কাস অ্যাকারম্যান। প্রথম দিনের ৪৬ রানের সঙ্গে ১০৪ রান যোগ করে প্রথম সেশনেই ১৫০ পূর্ণ করেন। ব্যাটিং করেছেন ওয়ানডে স্টাইলে। সেশনের শেষদিনে অ্যাকারম্যান আউট হলেও তার ব্যাটে ভর করে বাংলাদেশকে বড় লিড দেয়ার পথে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ২২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাদের লিড ১৩৭ রানের।

সেঞ্চুরিয়নে প্রথম দিন দক্ষিণ আফ্রিকান পেসারদের কাছে রীতিমতো অসহায় লেগেছে বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় দিন প্রথম সেশনে অবশ্য বাংলাদেশি পেসাররা তেমন বিপদেই ফেলতে পারেননি প্রোটিয়া ব্যাটারদের। উল্টো দাপট দেখিয়ে প্রথম সেশনটা পার করেছে স্বাগতিকরা। এই সেশনে কেবল ১ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে স্বাগতিকরা।

শরীফুলের করা দিনের দ্বিতীয় ওভারে স্লিপ কর্ডনের ভেতর দিয়ে চার মেরে টেস্টে নিজের ১৬তম ফিফটি তুলে নেন অ্যাকারম্যান। এই চারের মাধ্যমে লিডও পেয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশকে দিনের প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে ১ ঘণ্টারও বেশি সময়। জুবাইর হামজাকে ফিরিয়ে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন খালেদ আহমেদ। গালিতে দাঁড়ানো মাহফিজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান করেন হামজা।

আক্রমণের ধারা বজায় রেখে নিজের সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মেরে পৌঁছান তিন অঙ্কে। ৪ টেস্টে এটি অ্যাকারম্যানের দ্বিতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন অ্যাকারম্যান। ১১১ বলে সেঞ্চুরিতে পৌঁছানো এই ব্যাটার ১৫০ ছুঁয়েছেন ১৩৭ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ রান করতে বল খেলেছেন মাত্র ২৬টি। ব্যাটিং করেছেন রীতিমতো টি-টোয়েন্টি স্টাইলে।

শরিফুলকে চার মেরে ১৫০-এ পৌঁছানোর পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অ্যাকারম্যান।

মাঝে টনি ডি জর্জির কঠিন একটি ক্যাচ ছেড়েছেন তাসকিন আহমেদ। ৭ রানে জীবন পাওয়া জর্জি এখন ৯ রানে অপরাজিত আছেন।