ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড। এসব একাডেমিতে নির্বাচিত ৫০-৬০ জন করে তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরুর আশা বিসিবি সভাপতি তামিম ইকবালের।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতা তৈরি করা নয়, বরং তাদের সহযোগী হিসেবেই কাজ করবে বিসিবির একাডেমিগুলো।
তামিম ইকবাল বলেন, ‘বিসিবি একসঙ্গে সাত থেকে আটটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’
নতুন একাডেমি চালুর জন্য বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন দেখছেন না বিসিবি সভাপতি। তার মতে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা এবং কোচ রয়েছেন। বিসিবিকে বাড়তি করে শুধু ক্রিকেট বল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিতে হবে।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’
বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও পরিবর্তন আনতে চান তামিম। তার মতে, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের বয়স যাচাইয়ের পরপরই খেলা শুরু হয়ে যায়। নতুন একাডেমি চালু হলে বাছাই প্রক্রিয়া আরও আগে শুরু করা সম্ভব হবে। এতে নির্বাচিত ক্রিকেটাররা প্রতিযোগিতায় নামার আগে কয়েক মাস প্রস্তুতির সুযোগ পাবেন।
তামিম বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’
একাডেমিগুলোতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত ক্রিকেটারদের কোনো ধরনের ফি দিতে হবে না। বিসিবিই তাদের সব খরচ বহন করবে। সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে ক্রিকেটারদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না বলেও মনে করেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করবো, ৫০ জন হোক বা ৬০ জন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’
প্রাথমিকভাবে যেসব শহরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে, সেখানেই একাডেমিগুলো চালু করা হবে। তবে ভবিষ্যতে দেশের আরও শহর ও জেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বোর্ডের। এ জন্য সংশ্লিষ্ট বিভাগ বা জেলাকে নিজস্ব ইনডোর সুবিধা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোবো। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করবো।’
বিসিবি সভাপতি আরও জানান, একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে পরিচালকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ইতিবাচক। আগামী ২৮ নভেম্বরের বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিক অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বিভিন্ন শহরে বিসিবির একাডেমিগুলোর কার্যক্রম শুরু হতে পারে।
তামিমের মতে, জাতীয় দলের তাৎক্ষণিক সাফল্যের পাশাপাশি তৃণমূল থেকে ক্রিকেটার তৈরির ব্যবস্থা গড়ে তোলাই তার বোর্ডের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘জাতীয় দলের সাফল্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিচ থেকে কাজ করে আসা। সুযোগ-সুবিধা তৈরি করা, এমন একটা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ছেলেরা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও ভালো হবে। শুধু জাতীয় দলকেন্দ্রিক হয়ে থাকলে গত ১০-১৫ বছরে যে কাজগুলো করা দরকার ছিল, সেগুলো আর করা হতো না।’
আরও পড়ুন:







