শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

লর্ডসে প্রথমবার নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২১:৩২

শেয়ার

লর্ডসে প্রথমবার নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

লর্ডসের ঐতিহাসিক মাঠে ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এই মাঠে বাংলাদেশের পুরুষ দলের এটিই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৩ জুন।

বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ম্যাচটির সূচি প্রকাশ করেছে।

এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে যাবে নেপাল। সেই সফরের অংশ হিসেবেই লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এর আগে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। ২০১০ সালের পর এই প্রথম লর্ডসে টেস্ট খেলবে টাইগাররা।

ম্যাচটির সূচি ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

এই আইকনিক ভেন্যুতে আমাদের পুরুষ দলের এটিই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।’

বাংলাদেশের লর্ডসে ফেরার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসনও। জানা গেছে, এই সফরে শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলবে নেপাল।