শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

১২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:২১

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:২৪

শেয়ার

১২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

মাত্র ১২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে আরেকটি সাফল্য পেতে পারতো বাংলাদেশ। এবাদতের দারুণ ডেলিভারিতে এইডেন মার্করামের স্টাম্প ভেঙে দিয়েছিল। কিন্তু ‘নো’ বল হওয়ায় সে যাত্রায় বেঁচে গেছেন প্রোটিয়া ওপেনার। এরপর আর কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।
১ দশমিক ৩ ওভারেই এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিলো স্বাগতিক দল। ৯ বলে এক ছক্কার মারে ৮ রানে অপরাজিত থাকলেন মার্করাম। জোহানেসবার্গ টেস্ট শেষ হয়ে গেল পঞ্চম দিনের প্রথম সেশনেই। সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টেম্বা বাভুমারা।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের দ্বিতীয় ইনিংসে বেশিদূর এগোতে পারেনি সফরকারী বাংলাদেশ। কোনো মতে ইনিংস হার এড়ানো গেলেও লিড ছিল মাত্র ১১ রানের।
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনেই গতকাল বাংলাদেশের জন্য ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে গিয়েছিল। হয় অসহায় আত্মসমর্পণ নয়তো পঞ্চম দিনটা ব্যাটিং করে কোনো মতে ম্যাচ বাঁচানো। শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াই করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ সকালের প্রথম সেশনে আরও এক উইকেট হারিয়ে কোনো মতে লিড নেয় বাংলাদেশ। তবে এরপর কেবল ব্যাটারদের উইকেট ছুড়ে আসার প্রতিযোগিতা যেন। দলের শেষ ভরসা ছিল লিটন ও মুশফিকের জুটি। রাবাদার বলে লিটন বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বল কিছুটা আগ বাড়িয়ে এসে খেলতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। গ্লাভস-প‍্যাডে লেগে ক্যাচ উঠে শর্ট লেগে। আম্পায়ার প্রথম দফা আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে।
মুশফিকের বিদায়ের পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। দৃষ্টিকটুভাবে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। দলের শেষ চার উইকেট পড়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। ৫১ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার হার্মার। এ ছাড়া রাবাদা নিয়েছেন ৩টি উইকেট। আগের ইনিংসে ফাইফার পেয়েছিলেন তিনি।