শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিতে পারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৫৪

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৫৫

শেয়ার

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিতে পারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান।
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনেই বাংলাদেশের জন্য ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে গিয়েছিল। হয় অসহায় আত্মসমর্পণ নয়তো পঞ্চম দিনটা ব্যাটিং করে কোনো মতে ম্যাচ বাঁচানো। শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াইটা করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ সকালের প্রথম সেশনে আরও এক উইকেট হারিয়ে কোনো মতে লিড পেয়েছিল বাংলাদেশ।
তবে এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। দলের শেষ ভরসা ছিল লিটন ও মুশফিকের জুটি। রাবাদার বলে লিটন বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বল অনেকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। গ্লাভস ছুঁয়ে, প‍্যাডে লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে। আম্পায়ার প্রথম দফা আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে।
দলের শেষ চার উইকেট পড়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। ৫১ রানে ৬ উইকেট নিয়ে এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার হার্মার। এ ছাড়া রাবাদা নিয়েছেন ৩টি উইকেট। আগের ইনিংসে ফাইফার পেয়েছিলেন তিনি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৫৫৭ রানে। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ক্যারিয়ারসেরা ১৫৭ রান করেন। এ ছাড়া ১৬৫ বলে ১৩টি বাউন্ডারিতে ১০২ রান করেন রিকেলটন।
প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পাওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ অব্যাহত রাখেন। প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়ে যায়।