মাউন্ট মঙ্গানুইয়ে গত রবিবার লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছিল ভারত। ম্যাচটি জিতে ৩-১ এ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে তারা। আগামীকাল শুরু হচ্ছে টেস্ট সিরিজ, আগের দিন তারা শুনল আইসিসির শাস্তির ঘোষণা।
নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বরাদ্দ থাকা সময় হিসাব করার পর দেখা গেছে, সফরকারী দল নির্ধারিত সময়ের চেয়ে সাত ওভার কম বল করেছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কম করা প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়, যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।
ভারত আগে ব্যাটিং করে ২০৯ রান করেছিল। শুরুতেই বড় ধাক্কা খাওয়ার পর মিডল অর্ডার ব্যাটাররা তাদের উদ্ধার করে। ইশান কিষাণ ও অক্ষর প্যাটেল সমান ৪৬ রান করেন। তারপর আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও অক্ষরের বোলিংয়ে ১৮৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২২ রানে জেতে ভারত।
আরও পড়ুন:







