মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বজ্রপাত আর বৃষ্টির কারণে লাঞ্চের পর আটকে গেলো জোহানেসবার্গ টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৮

শেয়ার

বজ্রপাত আর বৃষ্টির কারণে লাঞ্চের পর আটকে গেলো জোহানেসবার্গ টেস্ট
ছবি: সংগৃহীত

টেম্বা বাভুমা ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরপর তিনটি উইকেট নিয়ে চাপে ফেলে দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। সেই সুখস্মৃতি নিয়েই জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

কিন্তু লাঞ্চ বিরতি শেষ হওয়ার পরও খেলা শুরু করা যায়নি। বজ্রপাত, সঙ্গে তুমুল বৃষ্টিতে দ্বিতীয় সেশনের খেলাই শুরু করা গেলো না। প্রায় ২ ঘণ্টার মত খেলা বন্ধ রয়েছে। সর্বশেষ স্থানীয় সময় দুপুর ১টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে) পাওয়া সংবাদ অনুযায়ী জোনাহেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বজ্রসহ তুমুল বৃষ্টি হচ্ছে।

লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৮৬ রান। রায়ান রিকেলটন ৫৬ রানে এবং কাগিসো রাবাদা ৫ রানে উইকেটে রয়েছেন। হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট নেন। বাংলাদেশের প্রথম ইনিংসের রান থেকে স্বাগতিকরা পিছিয়ে এখনও ১৪ রান।

তৃতীয় দিনের প্রথম ঘণ্টা উইকেটশূন্য থাকার পর বাংলাদেশের কপাল খোলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের অস্বস্তি নিয়ে ৪৯ রানে মাঠ ছাড়লে। তাসকিন আহমেদ দ্রুত দুই উইকেট ও আরেকটি হাসান মাহমুদ তুলে নিলে ৪ উইকেট নিয়ে ৪ উইকেটে ৩৫৮ থেকে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

বাভুমা উঠে যাওয়ার পর প্রথমে গোল্ডেন ডাকে তাসকিন ফেরান উইয়ান মুল্ডারকে। ফলে পঞ্চম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইকেটের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দেন লিটন কুমার দাসের গ্লাভসে। নতুন বলে উইকেট পান তিনি।

এরপর নতুন ব্যাটার মার্কো ইয়ানসেনকেও লিটনের ক্যাচ বানান তাসকিন। মাত্র ৮ রান করে আউট হন তিনি।

তাসকিনের সঙ্গে যোগ দিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তিনিও উইকেট পান লিটনের সহায়তায়। সাইমন হার্মার ক্যাচ দেন উইকেটের পেছনে ১ রানে অল্পের জন্য রাবাদাকে আউট করতে পারেননি হাসান। ব্যাটে লেগে বল সামনে পড়লে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি হাসান। ফলে বেঁচে যান রাবাদা।

এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে তৃতীয় দিনের প্রথম সেশনে ২-৩টি উইকেট নেওয়ার আশা ব্যক্ত করেছিলেন লিটন কুমার দাস। কিন্তু তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো রায়ান রিকেলটনের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহফিজুল ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহানেসবার্গে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।