মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

এবার মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড লিটনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৭:০০

শেয়ার

এবার মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড লিটনের
ছবি: সংগৃহীত

উইকেটের পেছনে একের পর এক রেকর্ড গড়ছেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালে খালেদ মাসুদ পাইলটের রেকর্ড ভেঙেছিলেন লিটন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিমকে। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এখন সবার ওপরে লিটন।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার এখন পর্যন্ত ৭ উইকেট পড়েছে, সবগুলোই ক্যাচ আউট। এর মধ্যে ছয়টি ক্যাচ নিয়েছেন লিটন, অন্যটি তাসকিন আহমেদের। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজকে, উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার সাজঘরে ফিরেছেন লিটনের গ্লাভসে ধরা পড়ে। এতে লিটনের ডিসমিসাল সংখ্যা ছয়ে পৌঁছেছে।

এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে লিটন গড়েছিলেন আরও বড় কীর্তি। ম্যাচের পঞ্চম দিনে ইকরাম আলিখিলের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি।

তাতে ভেঙে যায় ৬০ বছর আগে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড। একই ম্যাচে ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স ছিল লিটনের। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই অন্তত ৫০ রান এবং অন্তত ৯টি ডিসমিসালের নজির গড়েন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেই বাংলাদেশের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের রেকর্ডও ছাড়িয়ে যান লিটন। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট-ছয়টি ক্যাচ ও একটি স্টাম্পিং। আবু ধাবিতে আট ডিসমিসাল নিয়ে প্রথমে পাইলটকে ছাড়ান লিটন। ফলে এক টেস্ট ও এক ইনিংস, দুটিতেই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন লিটনের।