মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগ: আশরাফুলের তৃতীয় সেঞ্চুরি, নাসুমের ২০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:২৩

শেয়ার

জাতীয় ক্রিকেট লিগ: আশরাফুলের তৃতীয় সেঞ্চুরি, নাসুমের ২০০
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই শেষ রাউন্ডে এসে জমে উঠেছে দুই দলের মধ্যে। বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিলেট নিজেদের কাজটা সেরে রেখেছে। এখন তাদের অপেক্ষা খুলনা-রংপুর ম্যাচের ফলের। অন্যদিকে খুলনার সমীকরণও পরিষ্কার-রংপুরের বিপক্ষে জয় কিংবা ড্র পেলেই ছয় বছর পর চ্যাম্পিয়ন হবে তারা। তবে হারলেই শিরোপা হাতছাড়া হওয়ার শঙ্কা।

মূলত বরিশালের বিপক্ষে সিলেটের ইনিংস ব্যবধানে জয়টাই শেষদিনে যত রোমাঞ্চ এনেছে। এতে সাত ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে সিলেট। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে খুলনা। শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে ইনিংস ও ৩৮ রানের জয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে সিলেট।

ফলে খুলনা-রংপুর ম্যাচের ফলই নির্ধারণ করবে কার হাতে উঠবে ট্রফি। রংপুরের কাছে খুলনা হারলে সিলেটের সামনে খুলে যাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর খুলনা জয় কিংবা ড্র করলে শিরোপা যাবে তাদের ঘরেই।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তিনদিনেই জিতেছে সিলেট। বরিশালের বিপক্ষে সিলেটের জয়ের নায়ক আশরাফুল হাসান ও আবু জায়েদ। ব্যাট হাতে ১১৩ রানের ইনিংস খেলে আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন আবু জায়েদ। প্রথম ইনিংসে ৪১ রানে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তার শিকার ২৭ রানে পাঁচ উইকেট।

নাসুম আহমেদও দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়েছেন। এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

প্রথম ইনিংসে ৩৮৯ রান তুলে বরিশালের বিপক্ষে ১৬১ রানের লিড পেয়েছিল সিলেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের সামনে দাড়াতেই পারেনি তারা, গুটিয়ে যায় ১২৩ রানে। তাতে ইনিংস ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

অন্যদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে শিরোপা নিশ্চিত করার লড়াইয়ে আছে খুলনা। প্রথম ইনিংসে রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রান করে তারা। খুলনার হয়ে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। ১০৫ রানের ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৪তম শতক। পারভেজের ব্যাট থেকে আসে ৩২ রান।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর। মামুন ৪১, আকবর ৪৮ ও নাসির ২৪ রান করেন। মিম ২৩ রানে অপরাজিত ছিলেন। রংপুরের লিড দাঁড়িয়েছে ২০০ রানে। ১ উইকেট হাতে নিয়ে আগামীকাল আবার ব্যাটিংয়ে নামবে তারা। চতুর্থ ইনিংসে লক্ষ্য পেরোতে পারলে জয়, না পারলেও ম্যাচ বাঁচাতে পারলেই শিরোপা নিশ্চিত হবে খুলনার।

অন্য ম্যাচগুলোতে রাজশাহী-ময়মনসিংহ লড়াইয়ে সেঞ্চুরি করেছেন প্রীতম কুমার। তার ১০৮ রানের ইনিংসে রাজশাহী প্রথম ইনিংসে করে ৩৭৭ রান। ময়মনসিংহের শুভাগত হোম ৬২ রানে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নবমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ১ উইকেটে ৭৯ রান, লিডও ৭৯।

ঢাকা-চট্টগ্রাম ম্যাচে সঞ্জিদ মজুমদার ৭০ রানে পাঁচ উইকেট নিয়ে টানা দ্বিতীয় রাউন্ডে এই কীর্তি গড়েছেন। তার বোলিংয়ে ঢাকা প্রথম ইনিংসে ২৯২ রানে অলআউট হয়। সাদ্দাম হোসেন করেন ৯৪ রান। চার রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম দিন শেষ করেছে ৫ উইকেটে ২৩১ রান নিয়ে। তাদের মোট লিড ২২৭।