দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই আঘাত হেনেছিলেন হাসান মাহমুদ। ৫ রানেই প্রথম উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। তবে দ্বিতীয় সেশনে হতাশ করলেন বাংলাদেশের বোলাররা।
এই সেশনে ২৩ ওভারে মারকুটে খেলে পৌনে পাঁচ রানরেটে ১১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্টে ১ উইকেটে ১২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। মারকুয়েস আকারম্যান ৬৯ আর জুবায়ের হামজা ৪৮ রানে অপরাজিত আছেন। ২৭১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তো নয়ই, ঘরের মাঠেও কখনও প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ৪০০ রান করতে পারেনি বাংলাদেশ। তাওহীদ হৃদয় আর লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে এবার সেই রেকর্ড গড়লো টাইগাররা।
২০১৫ সালে চট্টগ্রামে ৩২৬ রান করেছিল বাংলাদেশ। সেটিই ছিল এতদিন প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এবার বাংলাদেশ জোহানেসবার্গে কাঁটায় কাঁটায় ৪০০ রান করেছে। জবাবে ১ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।
হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হয়েছেন এইডেন মার্করাম (৪)। দলীয় ৫ রানেই প্রথম উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার।
এদিকে লিটনের আউটের পর বাংলাদেশের লক্ষ্যটা ছিল ৪০০ রানের প্রথম ইনিংসের সংগ্রহ। আর সেটিই পূর্ণ করেছেন তাসকিন আহমেদ। ১৬ বলে ১৭ রান করে তিনি আউট হলে থামে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় দিনে বাংলাদেশের চার ব্যাটারের সবাইকে ফিরিয়েছেন ড্যান প্যাটেরসন।
দুই চার ও ১ ছক্কায় ১৭ রান করা তাসকিন বড় শট খেলতে গিয়েই ক্যাচ দিয়েছেন উইয়ান মুল্ডারের কাছে শর্ট থার্ডম্যানে। ১ রান করে অপরাজিত ছিলেন এবাদত হোসেন। হাসান মাহমুদ করেন ২৪ বলে ১৬।
দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি আদায় করে নিজের মেয়েকে উৎসর্গ করেন লিটন কুমার দাস। এরপর আর ১৪ বল খেলে ফিরেছেন সাজঘরে ১২০ রান করে। ১০ রান করা মেহেদী হাসান মিরাজ আউট হন স্লিপে ক্যাচ দিয়ে তার আগে।
শর্ট পিচ ডেলিভারি পেয়ে পুল করেছিলেন লিটন। কিন্তু শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে দেন উইয়ান মুল্ডারের হাতে। ১৭৯ বলে লিটনের ১২০ রানের ইনিংসে ছিল ১৪ চার আর ১ ছক্কার মার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। ৪টি ড্যান প্যাটেরসন ও একটি মার্কো জানসেন।
এর আগে, প্রথম দিন টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম করেন ৬৭ রান। তাওহীদ হৃদয় আরও একবার দলের হাল ধরেন। দিনের শেষ বলে জানসেন এলবিডব্লিউ করে দেন হৃদয়কে। ২২৭ বলে ১৪ চার আর ১ ছক্কায় ১৩৭ রান আসে তার ব্যাট থেকে।
তবে আউট হওয়ার আগে বাংলাদেশকে হৃদয় নিয়ে গেছেন দারুণ এক সম্মানজনক স্থানে। দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে ৩ উইকেট, পরে আরও ২ উইকেট হারানোর পর বাংলাদেশ কত কম রানে অলআউট হয়, সেটাই ছিল যেন সবার অপেক্ষার বিষয়।
কিন্তু তাওহীদ হৃদয় প্রথমে তানজিদ তামিমকে নিয়ে ৯৯ এবং পরে লিটন দাসকে নিয়ে গড়েন ২০৬ রানের অনবদ্য দুটি জুটি।
আরও পড়ুন:







