জোহানেসবার্গে ব্যাট হাতে দাপট দেখালেন তাওহিদ হৃদয়। বাংলাদেশকে উদ্ধার করেন বিপদ থেকে। শুধু কি তাই। দুরন্ত ব্যাটিংয়ে আদায় করে নিলেন চমৎকার এক সেঞ্চুরিও। ১০৮ রানের আলো ঝলমলে ইনিংস খেলে এখনো টিকে আছেন ক্রিজে। ২০০ বলের ধৈর্যশীল ইনিংসটি সাজান ১০ বাউন্ডারিতে। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাকে সঙ্গ দিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন লিটন দাস। ১২২ বলে ১১ বাউন্ডারিতে ৮৫ রানের দারুণ এক ইনিংসে দলের ইনিংসটাও এগিয়ে নিচ্ছেন সামনে। দুজনের ব্যাটিং ঝলকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম প্রথম দিনে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে ফেলেছে বাংলাদেশ।
দলীয় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। দুজনে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১৬৯ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশের হয়ে লিখেছেন প্রত্যাবর্তনের গল্প। বিপর্যয় কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই ধাক্কা খায় দল। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার প্রথম বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় নাম লেখান ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এ নিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল চতুর্থবার।
মাহফিজুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। ৩.১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ রানে ২ উইকেট।
এরপর তানজিদ ও শান্ত মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রাবাদার বলে দারুণ কয়েকটি ড্রাইভও খেলেন দুজন। কিন্তু সেই প্রতিরোধ দীর্ঘ হয়নি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক শান্ত। ২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
দলের হাল ধরতে তানজিদের সঙ্গে যোগ দেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয় এবারও দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। ১৯.৪ ওভারে দলের রান পঞ্চাশ ছাড়ায়।
এর মাঝে মার্কো ইয়ানসেনের বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। পয়েন্টে দাঁড়ানো অ্যাকারম্যান লাফিয়ে বল ছুঁলেও তালুবন্দী করতে পারেননি। পরের ওভারের প্রথম বলে মুল্ডারের বলে তাওহিদ হৃদয়ও স্লিপে ক্যাচের সুযোগ দিয়েছিলেন। তবে বলটি ফিল্ডারের সামনে পড়ে যায়। দুইবার জীবন পেয়ে ইনিংস এগিয়ে নেন বাংলাদেশের দুই ব্যাটার।
শেষ পর্যন্ত তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করেছিলেন তিনি। মাঝের পাঁচ ইনিংসে ভালো করতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।
আরও পড়ুন:







