জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে ঝড় তুলেছেন ময়মনসিংহের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে মাত্র ২১৫ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে ময়মনসিংহ।
রবিবার সিলেট একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ময়মনসিংহ। ১০৪.২ ওভারে ৯ উইকেটে ৪৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। ইনিংসে একাই আলো ছড়ান মোসাদ্দেক।
২১৫ বলের ইনিংসে ২২টি চার ও ১০টি ছক্কা হাঁকান এই ব্যাটার। তার স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম সেঞ্চুরি। তবে দীর্ঘদিন ধরে এই সংস্করণে তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না তিনি।
সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। প্রায় আট বছর পর সেঞ্চুরির দেখা পেয়ে এবার সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি।
আরও পড়ুন:







