রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪১

শেয়ার

শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার
ছবি: সংগৃহীত

ক্রিকেটের ব্যাট হাতে এক শিশুর হাসিমুখ। সেই একই ব্যাট হাতে প্রায় পাঁচ দশক পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। শৈশবের স্মৃতি জাগানো দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ছবিটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও নস্টালজিয়া।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন ৫৩ বছর বয়সী শচিন। প্রথম ছবিতে দেখা যায়, ছোট্ট শচিন হাতে ব্যাট নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ছবিতে একই ভঙ্গিতে সেই ব্যাট হাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

ছবির ক্যাপশনে হিন্দিতে তিনি লিখেছেন, ‘প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!’ অর্থাৎ জীবনের প্রথম ক্রিকেট ব্যাটটি এত বছর পরও যত্ন করে নিজের কাছে রেখেছেন তিনি।

শচিনের এই পোস্টের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। মাত্র ১৬ বছর বয়সে শুরু হওয়া সেই যাত্রার ৩৭ বছর পূর্ণ হলো এদিন।

দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন শচিন। জিতেছেন বিশ্বকাপও। ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক এই ব্যাটারের অর্জনের তালিকা দীর্ঘ। তবে এত সাফল্যের পরও তার কাছে ৪৯ বছর আগের প্রথম ব্যাটটির মূল্য যে কতটা, নতুন ছবিতে সেটিই যেন ফুটে উঠেছে।