শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কে এই রেফারি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২২:৩১

শেয়ার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কে এই রেফারি?
ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন ভিয়েতনামের ফিফা এলিট রেফারি এনগো ডুই লান। ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে থাকার সময় তাঁর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে।

মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই শারীরিক লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি। মাঝমাঠে হামজা চৌধুরী ও সমিত সোম বলের নিয়ন্ত্রণে গেলেই পাকিস্তানি খেলোয়াড়দের কঠোর ট্যাকলের মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনায় পাকিস্তানি খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলাদেশের সমর্থকেরা।

অন্যদিকে, বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে তুলনামূলক কম শারীরিক সংস্পর্শেও ফাউলের বাঁশি বাজানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে মাঠে ও গ্যালারিতে অসন্তোষ দেখা দিয়েছে।

আগেও বিতর্কে জড়িয়েছেন এই রেফারি

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের ২০২২ সালের এক প্রতিবেদনে এনগো ডুই লানের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কথা উঠে আসে। ভিয়েতনামের লিগ ওয়ানে ভুল সিদ্ধান্তের অভিযোগে এর আগে তাঁকে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের আগস্টে হ্যানয় এফসি ও এইচএজিএলের ম্যাচে স্পষ্ট পেনাল্টি না দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই বছরের অক্টোবরে সাইগন এফসি ও থান হোয়ার ম্যাচে ভুল পেনাল্টি দেওয়ার অভিযোগেও নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

শেষ মুহূর্তে চাপে বাংলাদেশ

ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই সমতায় ফেরার চেষ্টা করছে হামজা চৌধুরীর দল। শেষ পর্যন্ত ম্যাচের ফল কী হয়, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ বাঁশি পর্যন্ত।