শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন, গ্যালারিতে বইছে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২০:৪২

শেয়ার

২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন, গ্যালারিতে বইছে জনস্রোত
ছবি: সংগৃহীত

ম্যাচ শুরু হবে সাড়ে ৮টায়, অথচ ঘড়ির কাটায় ৭টা বাজার আগেই লোকে-লোকারণ্য হয়ে গেছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। ‘উই ওয়ান্ট বাংলাদেশ’, এই স্লোগানই শোনা যাচ্ছে বারবার। কারও হাতে লাল-সবুজের পতাকা, কারও গায়ে জাতীয় দলের জার্সি।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ঘিরে সমর্থকদের প্রত্যাশা স্পষ্ট- বাংলাদেশ জিতুক, উঠুক সাফের ফাইনালে। ২০০৫ সালের পর আর কখনো ফাইনালে যেতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। সেই অপেক্ষা এবার শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে।

রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হলেও বিকেল থেকেই স্টেডিয়ামমুখী হতে থাকেন ফুটবলপ্রেমীরা। আগেভাগে আসার পেছনে পুলিশের আহ্বানও কাজ করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে টিকিটধারী দর্শকদের প্রবেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন অনেকে।

এবার একই পরিস্থিতি এড়াতে দর্শকদের হাতে সময় নিয়ে মাঠে আসতে বলা হয়েছিল। একই সঙ্গে অবশ্য সব গেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে গেট ভাঙা না যায়।

সমর্থকদের এই উন্মাদনার ছাপ পড়েছে স্টেডিয়ামের বাইরের অস্থায়ী দোকানগুলোতেও। জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান ফটকের কাছে ২৫০ টাকা দামে বিক্রি হচ্ছিল বাংলাদেশ দলের জার্সি। দরদাম করে জার্সি কিনছিলেন অনেকে। কেউ সাধারণ পোশাকে মাঠে এলেও গ্যালারিতে যাওয়ার আগে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে চেয়েছেন। বিভিন্ন আকারের জাতীয় পতাকারও চাহিদা ছিল।

এক বিক্রেতা জানালেন, ‘আজ অন্যদিন থেকে অনেক বিক্রি বেড়েছে। বাংলাদেশের খেলায় সবাই জার্সি পড়ে যাচ্ছে।’

শুধু বাইরের দর্শকই নন, দলের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাজ করেন এমন কয়েকজনও এসেছেন বাংলাদেশকে সমর্থন দিতে। খেলোয়াড়দের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটানোর পর এবার গ্যালারিতে বসে তাদের উৎসাহ দিতে চান তারা।

তাদের একজনের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়, ‘আমরা শতভাগ বাংলাদেশকে চাই।’ এরপর বাকিরাও একসঙ্গে স্লোগান ধরেন, ‘উই ওয়ান্ট বাংলাদেশ।’