সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর মিশনে আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ২০০৫ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
একাদশে ফিরেছেন রহমত ও শুকি
অ্যাকিলিস টেন্ডনের চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর জায়গায় রাইট-ব্যাক পজিশনে একাদশে ফিরেছেন রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে একাদশে ফিরেছেন জাপানপ্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসা।
বাংলাদেশের গোলপোস্ট সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে রহমত মিয়ার সঙ্গে থাকবেন তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি।
আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গে থাকবেন শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ। একাদশে দেশি ফুটবলার রয়েছেন তিনজন। বাকি আটজন প্রবাসী।
শক্তি বাড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে পাঁচ গোল দিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে পাকিস্তানও স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এতে পাকিস্তানের শক্তি বেড়েছে। স্কোয়াডে ফিরেছেন আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ। তাঁদের অন্তর্ভুক্তিতে কোচ নলবার্তো সোলানোর হাতে বেড়েছে বিকল্প।
গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
আরও পড়ুন:







