দেশের ফুটবলে আজ গুরুত্বপূর্ণ এক রাত। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারালে ২১ বছর পর ফাইনাল খেলবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ রাতে অনূর্ধ্ব-১৭ দল এএফসি বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতে লড়বে ভুটানের বিপক্ষে। ঢাকায় হামজাদের ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়, আর অ-১৭ দলের ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন। বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দলই পরের পর্বে যাবে। সিরিয়ার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনোযোগ অবশ্য থাকবে ঢাকায় অনুষ্ঠিত সাফ সেমিফাইনালে। পাকিস্তানকে হারালে বাংলাদেশ আবার ২৩ বছর পর সাফ শিরোপা জয়ের স্বপ্ন দেখবে। বিশেষ করে হামজা-সামিত-ফারহান যোগ দেওয়ার পর ফুটবলের উন্মাদনা ব্যাপক হয়েছে। সেই ধারাবাহিকতার জন্য শিরোপা খুব প্রয়োজন বাংলাদেশের ফুটবলে।
বাংলাদেশের ম্যাচ শুরু হতে আট ঘণ্টা সময় বাকি রয়েছে। এখনও ফুটবলপ্রেমীরা হন্যে হয়ে টিকিট খুঁজছেন। দাম এক হাজার হলেও গ্যালারির প্রায় সব টিকিট বিক্রি হয়েছে বলে তথ্য দিয়েছেন আয়োজকরা। আজকের ম্যাচের উন্মাদনা এতই বেশি যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দর্শকদের জন্য নির্দেশনা জারি করেছে।
সাফ ফুটবলে আজ একটি বিশেষ দিন। প্রথমবারের মতো ভিএআর ব্যবহার হচ্ছে। খেলা ঢাকায় হলেও ভিএআর পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। সাফ আশাবাদী ভিএআরের ব্যবহার খেলার মানকে ভিন্ন উচ্চতায় নেবে।
আরও পড়ুন:







