বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ২১:৫০

শেয়ার

ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচে অবশেষে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিম। তাঁর গোলে জাতীয় স্টেডিয়ামে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছালেও ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং ভুটানের জমাট রক্ষণে গোল পাওয়া হয়নি। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে প্রথম ৪৫ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথকে লক্ষ্য করে আক্রমণ তৈরি হলেও ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। ফিরতি বলে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে।

এরপর ১৮, ২৫ ও ৩৯ মিনিটে আরও তিনটি ভালো সুযোগ পান বিশ্বনাথ। তবে কোনোবারই লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। অন্যদিকে প্রথমার্ধে ভুটানের আক্রমণ ছিল সীমিত। ৪০ মিনিটে তাদের একমাত্র লক্ষ্যে থাকা শট সহজেই নিয়ন্ত্রণে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

৬৮ মিনিটে ইব্রাহিমের গোল

বিরতির পরও গোলের জন্য আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। অবশেষে ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। ভুটানের পেনাল্টি বক্সে বেশ কিছুক্ষণ বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ চালায় বাংলাদেশ। একপর্যায়ে সমিত সোমের হেডে বল ওপরের দিকে উঠে যায়। গোলমুখের সামনে বল পেয়ে যান ইব্রাহিম। সুযোগ বুঝে পা বাড়িয়ে বল জালে পাঠান তিনি।

তাঁর এই গোলেই ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।