সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৩:২৮

শেয়ার

বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে
ছবি সংগৃহীত

বাংলাদেশের তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর এবার মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে তাঁকে।

গতকাল বিগ ব্যাশ লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে পুরো মৌসুমেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন এই পেসার।

ডি থ্রি আসরে খেলবেন শুধু ওয়ানডে সংস্করণে

বিগ ব্যাশে খেলার কারণে বিসিবি আয়োজিত ডি থ্রি আসরের সব সংস্করণে অংশ নিতে পারবেন না মোস্তাফিজ। তাঁকে কেবল ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে। আজ নিলামে ভার্চুয়াল পয়েন্ট পদ্ধতিতে ৭০ লাখ পয়েন্টের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। পুরো আসরে খেলতে না পারার কারণে তাঁকে নিয়ে নিলামে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

বিগ ব্যাশে থাকছেন রিশাদও

বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এবারও তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে।

অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।