বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

ব্যাটিং বিপর্যয়ে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনাল অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:০৫

শেয়ার

ব্যাটিং বিপর্যয়ে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনাল অনিশ্চিত
ছবি সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শারজাহতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান করেছে তাওহীদ হৃদয়ের দল। ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে শুরুতেই টপ অর্ডারের ধসে চাপে পড়ে দল। মাত্র ২৮ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। পরের বলেই রানের খাতা না খুলে বোল্ড হন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। অধিনায়ক তাওহীদ হৃদয়ও দুই বল খেলে কোনো রান না করেই আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন।

শুরুতে চার উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন দলের হাল ধরেন। দুজন মিলে ১৪৬ বলে ৯৩ রানের জুটি গড়েন। এই জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।

সাইফ হাসান ৪১ রান করে মোহাম্মদ নবির বলে বড় শট খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে আউট হন। তাঁর বিদায়ের পর মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। অহেতুক শট খেলতে গিয়ে মাত্র ২ রান করে ক্যাচ আউট হন তিনি।

অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান পারভেজ হোসেন ইমন। তবে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে। আউট হওয়ার আগে ৯৬ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭০ রান করেন এই ওপেনার।

ইমনের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যায়। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৬০ রানেই অলআউট হয় দলটি।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রশিদ খান। তিনি চারটি উইকেট নেন। এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই দুটি করে উইকেট শিকার করেন।