শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

বিগ ব্যাশে আবারও হোবার্টের হয়ে খেলবেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০৯:৫৬

শেয়ার

বিগ ব্যাশে আবারও হোবার্টের হয়ে খেলবেন রিশাদ হোসেন
ছবি সংগৃহীত

বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নতুন মৌসুমের স্কোয়াড ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলেই নজর কাড়েন রিশাদ। হোবার্টের হয়ে বল হাতে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। টুর্নামেন্টের অন্য কোনো স্পিনারও তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই বাংলাদেশি লেগ স্পিনার।

পুরো আসরেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন রিশাদ। উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ দেখান তিনি। টুর্নামেন্টে তার ইকোনমি রেট ছিল ৭.৮২।

রিশাদের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলীয়ভাবে ফাইনালে উঠতে পারেনি হোবার্ট হারিকেনস। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করে দলটি। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে জায়গা করে নেয় তারা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নিতে হয় হোবার্টকে।

বিগ ব্যাশের পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও রিশাদের চাহিদা রয়েছে। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আগামী ১২ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের ১৬তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। ১৭ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ব্রিসবেন হিট।

হোবার্ট হারিকেনসের বিবিএল-১৬ স্কোয়াডে রয়েছেন মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসিন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।