শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০০:১০

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ ০৭:৫০

শেয়ার

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ছবি সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ খোয়া গেছে। এসব লাগেজে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে রাজশাহী পৌঁছান দলের ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে খেলোয়াড়দের মোট ৫৪টি লাগেজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যান সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।

বুধবার সকালে রাজশাহীর নির্ধারিত হোটেলে মালামাল খালাসের সময় আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর দলের ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের একটি হোটেলে রাতের খাবার খেতে বিরতি নেন তিনি। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে ভ্যানের পেছনের পাল্লা খোলা দেখতে পান। এরপর তিনি পেছনের দরজা বন্ধ করে রাজশাহীর হোটেলের উদ্দেশে রওনা হন। হোটেলে পৌঁছে মালামাল গণনার সময় আটটি লাগেজ খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটার মেহেরাব হোসেনের লাগেজে তাঁর ব্যক্তিগত পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা, ব্যবহৃত পোশাক এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি পারফিউম ছিল।

এ ছাড়া ক্রিকেটার আব্দুল কাদেরের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট ও দুই জোড়া জুতা, পেসার মোহর শেখ অন্তরের ৩০ হাজার টাকা দামের একটি জেবিএল স্পিকার এবং ক্রিকেটার মো. ওয়ালিদের পোশাকের ব্যাগ খোয়া গেছে। দলের যৌথ ব্যবহারের বিভিন্ন পোশাক ও ক্রীড়াসামগ্রী থাকা আরও চারটি বড় ব্যাগও নিখোঁজ রয়েছে।

আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী দলের পরবর্তী ম্যাচ নির্ধারিত রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র ও খেলার প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে উৎকণ্ঠায় পড়েছেন ক্রিকেটাররা।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক জানান, মালামাল খোয়া যাওয়ার ঘটনায় পুরো দল বিব্রত ও মর্মাহত। অভিযোগ জানানোর পর থেকে পুলিশ গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারে কাজ করছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কাভার্ডভ্যান থেকে মালামাল চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। ঘটনাটি নাটোর অথবা রাজশাহী মহাসড়ক এলাকার মধ্যে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খোয়া যাওয়া লাগেজ দ্রুত উদ্ধারে প্রযুক্তির সহায়তায় দুই জেলার পুলিশ যৌথভাবে কাজ করছে।