মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

বিশ্বকাপের টিকিট পেতে ১৪২ দেশ থেকে দেড় কোটির আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৬:০৬

শেয়ার

বিশ্বকাপের টিকিট পেতে ১৪২ দেশ থেকে দেড় কোটির আবেদন
ছবি সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে ব্যাপক সাড়া দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আবেদন প্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে ১৪২টি দেশ থেকে ১ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটির টিকিটের জন্য নিবন্ধন করেছেন ৪৪ লাখের বেশি মানুষ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন। তাদের আবেদনে টিকিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি। টিকিটের আবেদনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

গত ১ অক্টোবর টিকিটের আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথম সপ্তাহেই আবেদন করা টিকিটের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে মোট আবেদন ১ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত টিকিটের বিপুল চাহিদাকে বিশ্বকাপের জনপ্রিয়তা, আফ্রিকায় ক্রিকেট আয়োজনের আকর্ষণ এবং টুর্নামেন্টের আগে আইসিসি ও অংশীদারদের প্রচারণার প্রতিফলন হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘টিকিটের জন্য বিপুল চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও জনপ্রিয়তার প্রমাণ। একই সঙ্গে আয়োজক অঞ্চল হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি ও অংশীদারদের প্রচারণাও এই আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে।’

আবেদন ও টিকিট পাওয়ার নিয়ম

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন ব্যক্তি প্রতিটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। চাইলে একাধিক ম্যাচের টিকিটের জন্যও আবেদন করা যাবে।

আগে আবেদন করলেই টিকিট পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলবে না। কোনো ম্যাচের টিকিটের তুলনায় আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ নির্ধারণ করা হবে। নির্বাচিত ও অনির্বাচিত উভয় ধরনের আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে ফল জানাবে আইসিসি।

টিকিটের জন্য আবেদন করা যাবে আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে: tickets.cricketworldcup.com