পাকিস্তানে চলমান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রবিবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে ইয়াং টাইগ্রেসরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১০৪ রান করতে সক্ষম হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ২৮ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। শিরিনা খাতুন ৪০ বলে ৩২ এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। শেষ দিকে সাদিয়া আক্তার ৭ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তান। দলের ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আকসা করেন ২৩ রান। তবে তাঁদের এই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। এই পেসার নেন ৩ উইকেট। নিশিতা আক্তার নিশি পেয়েছেন ২ উইকেট।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ১৬ অক্টোবর ফয়সালাবাদেই অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচটি হবে নিয়মরক্ষার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: ১৩৬/৫ (২০ ওভার)। সাদিয়া ৪৪, শিরিন ৩২, নিশিতা ২০; রোজিনা আকরাম ১/২০।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল: ১০৪/৯ (২০ ওভার)। রাভাইল ৩৬, আকসা ২৩, রোজিনা ১৩; ফারজানা মেধা ৩/১৯, নিশিতা ২/২১।
আরও পড়ুন:







