নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় সেশনে ছন্দ হারিয়েছে দলটি। মাত্র ৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৬ রান। লিটন দাস ৩ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে রানের খাতা খুলতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় সেশনে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমান করেছেন ৬৭ রান, মুমিনুল ৩৯ এবং শান্ত ২৯ রান। কোনো রান না করেই আউট হয়েছেন মুশফিক। এর মধ্যে মাত্র ৫ রানের ব্যবধানে শেষ তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংসের শুরুটা দারুণভাবে কাজে লাগান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১২৪ রান।
দুজনই ফিফটি পেলেও সেঞ্চুরি করতে পারেননি। সাদমান ৬৭ রান করে ফিরেছেন। অন্যদিকে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও ৮৩ রানে থামেন তানজিদ। তাঁর ৭১ বলের ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা।
দারুণ শুরুর পর দ্বিতীয় সেশনে দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। চা বিরতির পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে দলটি।
আরও পড়ুন:







