আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের আগে আবেগঘন হয়ে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা আর আগের মতো হবে না বলে মনে করছেন তিনি। একই সঙ্গে মেসির রেখে যাওয়া স্মৃতিকে ‘অতুলনীয়’ বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ।
মাঠের বাইরেও মেসির পেশাদারত্বের প্রশংসা করেছেন স্কালোনি। মেসির ভক্ত-সমর্থকদের জন্য তার দৈনন্দিন পেশাদার জীবনের একটি তথ্যও জানিয়েছেন তিনি। স্কালোনি বলেন, ‘সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, সেটিও অসাধারণ।’
বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশেষ আবহ। মেসির শেষ ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, স্কালোনির ভাষায়, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সেগুলো পূর্ণ হয়ে যেত।
মেসিকে ছাড়া মাঠে নামার অনুভূতি নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘তার মাঠে থাকার অনুভূতিটাই আলাদা। একজন ফুটবলার মাঠে যা করে সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকদের মধ্যে যে অনুভূতি তৈরি করতে পারে, মেসির মতো আর কাউকে আমি দেখিনি। সেটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’
আর্জেন্টিনার কোচের মতে, মেসি বিদায় নিলেও জাতীয় দলের পথচলা থেমে থাকবে না। তবে তার বিদায়ের পর বাকি থাকবে স্মৃতিগুলো। স্কালোনি বলেন, ‘আমাদের খেলতে হবে, কিন্তু সে যখন থাকবে না, তখন শুধু স্মৃতিই থাকবে। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা হয় না।’
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে তার দুই দশকের বেশি সময়ের পথচলা শেষ হবে।
আরও পড়ুন:







