লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে ৬২তম অবস্থানে থাকা দলটির বিপক্ষে প্রথমার্ধেই পাঁচ গোল করে আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আসে।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। তাকে বিদায় জানাতে প্রস্তুত দেশটির লাখো সমর্থক। তার বিদায়ী ম্যাচের আগে বুরকিনা ফাসোর বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল তাদের যাত্রা। দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।
লাউতারোর গোলে শুরু
পেনাল্টি বক্সের ভেতরে মুমুনি দিয়ালোর ফাউলের শিকার হন অগাস্টিন জিয়ায়। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক নিতে এগিয়ে আসেন লাউতারো মার্তিনেজ। তার প্রথম শট ঠেকিয়ে দেন বুরকিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা। তবে বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো।
বলিভিয়ার বিপক্ষেও আগের ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন তিনি। বুরকিনা ফাসোর বিপক্ষে গোল করে জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন লাউতারো। এ নিয়ে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ৪২। সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তার সামনে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোল। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন মেসি।
এরপর মুমুনি দিয়ালো আবারও ভুল করেন। বল ক্লিয়ার করতে গিয়ে সেটি নিজেদের জালে পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর এই ২২ বছর বয়সী ডিফেন্ডার। ফলে ম্যাচের প্রথম আট মিনিটেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে তার দল।
ম্যাচের ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে গোলের খাতা খোলেন প্রেস্তিয়ানি।
চতুর্থ গোলটি করেন নিকো পাস। বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচে খালি জায়গা খুঁজে নিয়ে গোল করার পর বুরকিনা ফাসোর বিপক্ষেও একইভাবে জালের দেখা পান তিনি। প্রথমার্ধের পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করার পর জাতীয় দলের হয়ে এটি তার আরেকটি গোল।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগান ফ্রাঙ্কো মাস্তানতুওনো। আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন তিনি।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার সপ্তম গোলটি করেন জিউলিয়ানো সিমিওনে। তার গোলে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
আরও পড়ুন:







