শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

ব্যর্থ লিটন দাস সবশেষ পাঁচ ইনিংসের চারটিতেই শূন্য

স্পোর্টস ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২২:২৭

শেয়ার

ব্যর্থ লিটন দাস সবশেষ পাঁচ ইনিংসের চারটিতেই শূন্য
ছবি সংগৃহীত

টেস্ট-টি টোয়েন্টি মিলিয়ে সবশেষ পাঁচ ইনিংসে মোট দুই রান; চারবার আউট শূন্য রানে

বাজে ফর্মে লিটন

লিটন কুমার দাস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের অধিনায়ক। তবে, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের।

এশিয়ান গেমস ও অস্ট্রেলিয়া সফরের চিত্র

জাপানে অনুষ্ঠিত, এশিয়ান গেমসের টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বশেষ ইনিংসেও শূন্য রানে বিদায় নিয়েছেন লিটন। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেমে শ্রীলঙ্কার সাথে ম্যাচটিও হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬৫ রান। জবাব দিতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে, গোল্ডেন ডাকে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

ধারাবাহিকভাবে লিটনের ব্যাট হাতে এই বাজে ফর্ম শুরু হয়েছে বাংলাদেশের, অস্ট্রেলিয়ার টেস্ট সফরের সিরিজ থেকেই। দুই ম্যাচের ওই সিরিজে মোট তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পান লিটন কুমার দাস। আশ্চর্যজনকভাবে তিন ইনিংসেই শূন্য রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। অথচ, ওই সিরিজে ঐতিহাসিকভাবে একটি ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। ব্যাট হাতে, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম এবং মমিনুল হকরাও পেয়েছিলেন বড় রান। দলের তারকা ব্যাটারদের মধ্যে, ব্যর্থ ছিলেন শুধুই লিটন দাস।

অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে, বাংলাদেশ মাঠে নামে এশিয়ান গেমসের ক্রিকেটে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরেও ভালো করতে পারেননি এলকেডি। দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেন মোট দুই রান। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ বলে ২ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। আর শেষ ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে করেন গোল্ডেন ডাক। সবমিলিয়ে, লিটনের মতো বাংলাদেশও খালি হাতেই ফিরছে টুর্নামেন্ট থেকে।

প্রতিভা ছিলো তার বরাবরই, তবে নিজের প্রতি সুবিচার কম সময়ই করতে পেরেছেন এই ক্রিকেটার, আরেকবার লিটনকে নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে এমন জোর সমালোচনা।

বিসিবিতে দুর্নীতি বন্ধের দাবি ইলিয়াস হোসাইনের

এদিকে, এশিয়ান গেমস থেকে খালি হাতে ফেরায় তামিম ইকবালের অধীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওই সমালোচনার পাশাপাশি, ক্রিকেট বোর্ডের দুর্নীতির ইঙ্গিত দিয়ে, বন্ধের দাবি জানান এই সাংবাদিক।