আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে তার বিদায়ের সঙ্গে অবসরে যাচ্ছে না আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। মেসির সম্মানে জার্সিটি চিরতরে তুলে রাখার পরিকল্পনা থাকলেও ফিফার নিয়মের কারণে তা বাস্তবায়ন করতে পারছে না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২০০৯ সাল থেকে জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে তিনি এনে দিয়েছেন বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী মেসি।
মেসির বিদায়ের পর তার অবদানকে স্মরণীয় করে রাখতে ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার পরিকল্পনা করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। ভবিষ্যতে কোনো আর্জেন্টাইন ফুটবলারকে এই নম্বরের জার্সি না দেওয়ার উদ্দেশ্য ছিল সেই পরিকল্পনার।
তবে ফিফার নিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া দলকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে জার্সি বরাদ্দ করতে হয়। ফলে ১০ নম্বর জার্সি বাদ দেওয়া বা খালি রাখা সম্ভব নয়।
কিছু প্রীতি ম্যাচে আর্জেন্টিনা চাইলে ১০ নম্বর জার্সি ব্যবহার না করেও দল নামাতে পারবে। কিন্তু যেকোনো অফিসিয়াল আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্কোয়াডের একজন খেলোয়াড়কে এই নম্বরের জার্সি পরতে হবে।
ফলে মেসি জাতীয় দল থেকে বিদায় নিলেও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ব্যবহার বন্ধ হচ্ছে না। ২০৩০ বিশ্বকাপ কিংবা পরবর্তী কোপা আমেরিকায় নতুন কোনো আর্জেন্টাইন ফুটবলারের গায়ে দেখা যেতে পারে ঐতিহাসিক এই জার্সি।
আরও পড়ুন:







