শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ১৮:৩৩

শেয়ার

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ব্যাট হাতে ১১৭ রানের সংগ্রহ গড়ার পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে স্বাগতিকদের ৮৭ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে তারা।

পাকিস্তানের মাটিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এছাড়া সাদিয়া ইসলাম ১২, কুমারি শ্রাবণী রানি ১২, অদ্রিতা নওশিন ৬ এবং ফারজানা ইয়াসমিন ৫ রান করেন।

শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় রান শূন্য থাকতেই বিদায় নেন ওপেনার মাইমুনা নাহার। অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। পরে সাদিয়া ও নিশিতার ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

১১৮ রানের লক্ষ্য তাড়ায় দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান দলকে ভালো শুরু এনে দেন। রাভাইল ১২ বলে ১৭ এবং কোমল ৩৯ বলে ২৯ রান করেন। তবে তাদের বিদায়ের পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। জোফিসান আইয়াজের ১২ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নিশিতা আক্তার। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন নেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস।