গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ভারতকে এড়ানোর সুযোগ হাতছাড়া হওয়ার পর এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের শেষ চারের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গ্রুপ পর্বে রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে ভারতের সামনে পড়তে হয়েছে বাংলাদেশকে। অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশের মতো রানার্সআপ দলের মধ্যেই সেমিফাইনালের লড়াই হওয়ার কথা ছিল।
সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিগার সুলতানাদের। ভারত ফেভারিট হলেও প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে বিশ্বাস তারকা পেসার মারুফা আক্তারের।
ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ জানিয়ে মারুফা বলেন, ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ ফাইনালে খেলবে।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তিনি যেভাবে অবদান রেখে যাচ্ছেন, সেভাবে যেন খেলা চালিয়ে যেতে পারেন এবং দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। দেশবাসীর দোয়া থাকলে ম্যাচটি জয় দিয়ে শেষ করতে পারবেন বলেও আশাবাদ জানান তিনি।
এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মার মারুফা
এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার মারুফা। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি এবং ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮তম স্থানে উঠে এসেছেন এই পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ অবস্থানে।
ভারতের বিপক্ষে সেমিফাইনালেও নতুন বলে মারুফার দিকেই থাকবে বাংলাদেশের বড় প্রত্যাশা। তার গতি ও সুইংয়ে ভারতীয় ব্যাটারদের বিপাকে ফেলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার বড় সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
ভারতের বিপক্ষে জয়ের পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হার ২১টি।
তবে অনুপ্রেরণার জায়গা হয়ে আছে ২০১৮ সালের ঐতিহাসিক জয়। কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর এবার এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
দুবাইয়ের মঞ্চে এবার কুয়ালালামপুরের সেই সুখস্মৃতি ফিরিয়ে এনে ফাইনালে উঠতে পারবেন কি না নিগার সুলতানা জ্যোতিরা, তার উত্তর মিলবে আজকের ম্যাচে।
আরও পড়ুন:







