টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর প্রথমবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের নতুন অধ্যায়ের সূচনা। সেপ্টেম্বরে দেশের মাটিতে প্রীতি ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে হোম গ্রাউন্ডের ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
দেশের মাটিতে দুই থেকে তিন ম্যাচ
বিশ্বকাপ-পরবর্তী ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে বড় পরিকল্পনা করছে এএফএ। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে আর্জেন্টিনায় দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
ম্যাচগুলোর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওর মতো বড় শহরে ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিপক্ষ ও নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তা
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসন্ন ফিফা উইন্ডোতে লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞা প্রীতি ম্যাচে কার্যকর হবে কি না, সেটিও পরিষ্কার নয়। খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি দর্শক ধারণক্ষমতার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মেসির বিদায়ে বদলে গেছে এএফএর পরিকল্পনা
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আগের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এর আগে চীনে সফর করে প্রীতি ম্যাচ খেলার জোরালো সম্ভাবনা থাকলেও মেসির অনুপস্থিতির কারণে সেই প্রস্তাব ভেস্তে যায়।
বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে মেসিকে ছাড়া জাতীয় দলের প্রথম মাঠে নামা। ফলে এশিয়ান সফর বাতিল করে দেশের মাটিতেই সমর্থকদের সামনে নতুন যুগের প্রথম বড় পরীক্ষায় নামতে হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ফাইনালে স্পেনের কাছে স্বপ্নভঙ্গ
বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনা ও মেসিকে। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত কামব্যাক দেখালেও ফাইনালে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি স্কালোনির শিষ্যরা।
ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে স্পেন। ওই আসর দিয়েই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফাইনালের দুদিন পর অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও বাবার আকস্মিক প্রয়াণে কিছুটা সময় নেন তিনি। পরে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন এই কিংবদন্তি।
আরও পড়ুন:







