বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৮

শেয়ার

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে শান্ত
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্স করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার প্রভাব পড়েছে নাজমুল হোসেন শান্তর আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে তিনি এখন ২১ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে এক ধাপ এগিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন। লিটন দাস ৩৪ নম্বরে থেকে নিজের অবস্থান ধরে রেখেছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের। তিনি ১৫ নম্বরে নেমে গেছেন। তবে ২৩ নম্বরে থেকে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশিদের বাইরে টেস্ট র‍্যাঙ্কিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে পরিবর্তন হয়েছে। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। জো রুট নেমে গেছেন তিন নম্বরে।

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসও টেস্ট ব্যাটারদের সেরা দশে জায়গা করে নিয়েছেন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিফটির পর দুই ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১০ নম্বরে।

এদিকে পাকিস্তানের সাউদ শাকিল ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন। শ্রীলঙ্কার সোনালা দিনুশা ২৯ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে এবং ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে অবস্থান করছেন।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ইংল্যান্ডের অলি রবিনসন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছয় ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে।