বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রূডিগারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২০

শেয়ার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রূডিগারের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির ডিফেন্ডার আন্তোনিও রূডিগার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়া ২০২৬ বিশ্বকাপে জার্মানির জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। বিশ্বকাপের জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের দুই মাস পর অবসরের ঘোষণা দিলেন তিনি।

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে রুডিগার লিখেছেন, ‘কিছু সময় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল থেকে বিদায় নেয়ার এবং তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেয়ার সময় এখন এসেছে।’

২০১৪ সালে জার্মান জাতীয় দলে রূডিগারের অভিষেক হয়। এর এক মাস পরই বিশ্বকাপের চতুর্থ শিরোপা জেতে জার্মানরা। যদিও সেই আসরের স্কোয়াডে ছিলেন না তিনি। ৩৩ বছর বয়সী রুডিগার জার্মানির জার্সিতে ৮৬টি ম্যাচ খেলেছেন।

জাতীয় দলকে বিদায় জানানোর পর রুডিগারের মূল লক্ষ্য এখন রিয়াল মাদ্রিদের দিকেই সম্পূর্ণ মনোযোগ দেয়ার। ক্লাবটির সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তার, ‘আমার জন্য নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে আমি সম্পূর্ণভাবে আমার ক্লাবেই মনোযোগ দেব।’

বার্লিনে জন্ম নেয়া রূডিগার বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব একাডেমি পেরিয়ে রোমা হয়ে ২০১৭ সালে চেলসিতে যোগ দেন। চেলসির জার্সিতে তিনি ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন।