মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৯

শেয়ার

বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে অভিযুক্তরা ১৪ দিন সময় পাবেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ম্যাচের ফল পরিবর্তনে প্রভাবিত করা, অনৈতিক প্রস্তাব, অর্থনৈতিক প্রভাব এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত ও সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া দুর্নীতির প্রস্তাব যথাসময়ে জানাতে না পারা, তদন্তে অসহযোগিতা এবং তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মুখলেসুর রহমান সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর প্রথমে অডিট কমিটি থেকে এবং পরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন মুখলেসুর রহমান। এবার তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে।

মুখলেসুর রহমানের বিরুদ্ধে চার অভিযোগ

বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমানের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

২.১.১ ধারায় বিপিএলের ১২তম আসরের কোনো ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো বিষয় অনৈতিকভাবে প্রভাবিত করা বা তা করার চেষ্টার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

২.৪.৪ ধারায় দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব পাওয়ার পর তা নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে বিলম্ব না করে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২.৪.৭ ধারায় সম্ভাব্য দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জাকির হোসেনের বিরুদ্ধে তিন অভিযোগ

বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত বা সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

পাশাপাশি, ডিএসিওর পরিচালিত দুর্নীতিবিরোধী তদন্তে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা না করা বা তদন্তের জন্য জারি করা ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগও আনা হয়েছে।

রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি অভিযোগ

বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে ডিএসিওকে জানাতে ব্যর্থ হওয়া এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

তিন অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় নির্ধারণ করা হয়েছে। অভিযোগের পর বিসিবি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।