মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

কোয়াব সভাপতি মিঠুনকে প্রতিদান দিলেন তামিম!

বাংলা এডিশন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫০

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৩

শেয়ার

কোয়াব সভাপতি মিঠুনকে প্রতিদান দিলেন তামিম!
ছবি সংগৃহীত

কোয়াব সভাপতি মিঠুনকে প্রতিদান দিলেন তামিম! লিস্ট ‘এ’ ফরম্যাটের শেষ ৪ ম্যাচে ২৩ রান; তবুও ‘এ’ দলে কেন মিঠুন? ‘এ’ দলে মিঠুন দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে মিঠুনের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন।

এ দলে মিঠুনের জায়গা

দক্ষিণ আফ্রিকা সফরে, বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন, উইকেটকিপার ব্যাটার মোহাম্মাদ মিঠুন। পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এই ক্রিকেটার। ‘এ’ দলে জায়গা পাওয়ায় অনেক দিন পর, আবারও জাতীয় দলে ফেরার আলোচনায় এসেছেন মিঠুন।

তবে, ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ‘এ’ দলে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে, বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে ভালো সম্পর্কের কারণেই দলে জায়গা পেয়েছেন মিঠুন।

পারফরম্যান্স ও জাতীয় দলের রেকর্ড

সাধারণত, জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে এমন ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয় ‘এ’ দল। কিন্তু, বয়স এবং পারফরম্যান্স বিবেচনায়, মিঠুনের জাতীয় দলে ফেরার বাস্তব সম্ভাবনা নিয়ে, প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে মিঠুনের নাম থাকলেও, লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বশেষ চার ম্যাচে মিঠুনের মোট রান মাত্র ২৩।

মিঠুনের জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলে খেললেও, খুব একটা সুবিধা করতে পারেননি এই ক্রিকেটার। সেঞ্চুরিবিহীন আন্তর্জাতিক ক্রিকেটে, মিঠুনের ১০ ম্যাচের টেস্টে ক্যারিয়ারে ব্যাটিং গড় মাত্র ১৮। আর, ওয়ানডেতে ৩৪ ম্যাচে রান করেছেন ২৭ গড়ে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ব্যাটিং গড় একজন টেল-এন্ডারের মতোই, মাত্র ১০।

অনূর্ধ্ব-১৯ ও অন্যান্য প্রসঙ্গ

মিঠুন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন ২০০৮ সালে। ওই দলের কোনো ক্রিকেটারই বর্তমানে জাতীয় দল বা এর আশেপাশে নেই, এমনকি বেশিরভাগ ক্রিকেটারই রয়েছে খেলার বাইরে। ওই দলের সদস্য বিবেচনায় নিলেও, জাতীয় দলের ভাবনায় সবচেয়ে বড় দাবিদার হতেন, অলরাউন্ডার নাসির হোসাইন। সর্বশেষ, ঢাকা প্রিমিয়ার লীগের পারফরম্যান্সও ভালো ছিলো নাসিরের।

তবে, কোন বিবেচনায় মিঠুনকে নেয়া হয়েছে ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে? এখানেই ঘুরে ফিরে আসছে তামিম ইকবালের নাম। এর আগে, ২০২৬ সালের জানুয়ারি মাসে, তখনকার বিসিবি পরিচালক নাজমুল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্যের অযুহাতে, বিপিএল ও ঘরোয়া ক্রিকেট বয়কট করে ক্রিকেটাররা। কোয়াব সভাপতি হিসেবে যেখানে জোরালো ভূমিকা রাখেন মিঠুন।

তামিমের সাথে সম্পর্কের অভিযোগ

মিঠুনরা যখন বিপিএল বয়কট করে, তখন বিসিবির সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচন, পাল্টাপাল্টি দোষারোপসহ নানা কারণে, অন্তর্বর্তীকালীন সরকারের সেসময়ে, ক্রিকেট বোর্ডের সাথে দূরত্ব তৈরি হয় তামিম ইকবালের। এরই জেরে, বুলবুল এবং তখনকার ক্রিকেট বোর্ডকে বিপাকে ফেলতেই, বিপিএল বয়কটে কোয়াবের মিঠুনকে ব্যবহার করে তামিম ইকবাল, এমন সমালোচনা রয়েছে ক্রিকেট পাড়ায়।

দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে তাই এবার গুঞ্জন শুরু হয়েছে, বর্তমান বিসিবি বস, তামিমের সাথে সুসম্পর্কের কারণেই, জাতীয় দলে ফেরার সম্ভাবনা না থাকলেও, ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মাদ মিঠুন।

দলের অন্যান্য সমালোচনা

এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন কারণে। ঘোষিত দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে ১৩ জনই বিভিন্ন সময়ে খেলেছেন জাতীয় দলে। বাকী দুইজনের মধ্যে আলিস আল ইসলামও ডাক পেয়েছিলেন জাতীয় দলের স্কোয়াডে। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা কিংবা জাতীয় দলে ডাক না পাওয়াদের মধ্যে, একমাত্র ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন আল ফাহাদ। দলে নতুন ক্রিকেটারদের সুযোগ কম দেয়ায়, শুরু হয়েছে সমালোচনা।

সবমিলিয়ে, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে, পারফরম্যান্সই হতে পারে যেকোনো দলে জায়গা পাওয়ার একমাত্র মানদণ্ড। এমন মত ক্রিকেট বিশ্লেষকদের। দেশের ক্রিকেটের স্বার্থে, পদ বা ব্যক্তিগত সম্পর্কের কারণে, কাউকে বাড়তি সুবিধা না দেয়ার আহ্বান তাদের।

রবিবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (৯ সেপ্টেম্বর) ও শনিবার (১২ সেপ্টেম্বর)।