বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

ব্রাজিল ম্যাচ আয়োজনে বিপুল খরচ, ব্যয়ভার নেবে না সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১০:০১

শেয়ার

ব্রাজিল ম্যাচ আয়োজনে বিপুল খরচ, ব্যয়ভার নেবে না সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে; এ দেশের ফুটবল সমর্থকদের জন্য এর চেয়ে আকাঙ্ক্ষিত লড়াই আর কি হতে পারে? যাদের বিশ্বকাপের মঞ্চ মাতাতে দেখা যায়, সেই ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা, এনদ্রিকদের খেলা সামনে থেকে দেখতে পারার লোভ সামলানো তো কঠিন!

বাংলাদেশ-ব্রাজিল লড়াইয়ের সম্ভাবনা শুনেই তাই অনেকে পুলকিত হচ্ছেন। কিন্তু আদৌ কি এই ম্যাচটি আয়োজন করা যাবে?

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায় হতাশা ভর করেছে ফুটবলপ্রেমীদের মনে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয়।

যদিও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্তকে বাস্তবসম্মতই বলছেন অনেকে। তারপরও অনেকের মনে একটা কৌতুহলী প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে, আসলে কত টাকা ব্যয় হবে এই ম্যাচ আয়োজনে? সরকার কেন এই ব্যয়ভার বহন করতে চাচ্ছে না?

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচ আয়োজনে বাফুফের প্রায় ৩.৮ মিলিয়ন ডলার (তখনকার বাজারদর অনুসারে প্রায় ২৬-২৭ কোটি টাকা) খরচ হয়েছিল।

এবার ব্রাজিল ম্যাচ আয়োজনে ৩ মিলিয়ন ডলার খরচ হতে পারে। যা এখন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা!

দেশের নানা সংকটের মধ্যে এত বিপুল পরিমাণ ডলার ব্যয় করতে রাজি নয় সরকার। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, যদি স্পন্সর জোগার করা যায়, তবে ম্যাচটি আয়োজনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে স্পন্সরদেরই সকল খরচের দায়িত্ব নিতে হবে।