শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

শরীফুলের তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৩:৫২

আপডেট: ২২ আগস্ট, ২০২৬ ১৪:০৪

শেয়ার

শরীফুলের তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বোলাররা নিজেদের কাজটা করেছেন দারুণভাবেই। কিন্তু ধুঁকছে ব্যাটাররা। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ওপর লিড চাপিয়েও তাই খুব একটা স্বস্তিতে নেই প্যাট কামিন্সের দল।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনের খেলা শেষে ১০১ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। পিছিয়ে থাকলেও এখনো ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ।

প্রথম ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধস নামান মিচেল স্টার্ক। সফরকারীদের হয়ে সেই কাজটা করছেন শরীফুল। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ত্রাস ছড়িয়ে আট উইকেটের ছয়টাই নিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম দিন পতন হওয়া ১৮ উইকেটের ১২টাই নিলেন এই দুজন।

অলআউটের শঙ্কায় থাকায় অস্ট্রেলিয়াকে আগলে রেখেছেন ক্যামেরুন গ্রিন। ৮ বাউন্ডারিতে ৫১ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের গলার কাঁটা এখন কেবল গ্রিনই। চতুর্থ উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ৭৭ রান যোগ করে অস্ট্রেলিয়ার বিপদ সামাল দেন তিনি। ৪২ রান করা স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শরীফুল।

এরপর বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে সাজঘরের পথ দেখান শরীফুল। চা বিরতির আগে ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনকেও ফেরান তিনি। ৬ উইকেট নেওয়ার পথে তাঁর খরচ ৩৫ রান। বাকি উইকেট দুটি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ভাগাভাগি করে নেন।

বাংলাদেশের শুরুটাই ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে ১২ রান উঠতেই প্যাভিলিয়েন হাঁটেন পাঁচ ব্যাটার। সবকটি উইকেটই নেন স্টার্ক। শেষ দিকে শরীফুলকেও তুলে নেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রানের ইনিংসটা খেলেন শরীফুল। এই পরিসংখ্যানই বলছে, এদিন কতটা বাজে সময় পার করেছে বাংলাদেশের ব্যাটাররা। হতাশ করার মতো আরও একটি পরিসংখ্যান আছে অতিথি ব্যাটারদের জন্য। তাদের স্বীকৃত প্রথম সাত ব্যাটারের চারজনই ফিরেছেন ডাক মেরে। সমান ১১ রান করেন মিরাজ ও তাইজুল। সবমিলিয়ে দিনটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ।

৬ উইকেট নেওয়ার পথে স্টার্কের খরচ মাত্র ১২ রান। ২৫ রানে কামিন্সের নেন ৩ উইকেট।



banner close
banner close