শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

লিড নিয়ে নিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১১:৪০

শেয়ার

লিড নিয়ে নিলো অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

শরিফুল ইসলামের জোড়া আঘাতে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন আপাতত ধাক্কা খেয়েছে। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে লিড নিয়েছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখার সময় ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯২ রান। বাংলাদেশের ৬৪ রানের জবাবে তাদের লিড দাঁড়িয়েছে ২৮ রানে। স্মিথ ২৩ ও গ্রিন ১৮ রানে ব্যাট করছেন।

এবাদত হোসেনকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে একাদশে নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা শুরুতেই বুঝিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছেন বাংলাদেশের পেসাররা।

বিশেষ করে তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করেন শরিফুল। ফিরিয়ে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে। তার আগে ম্যাট রেনশকে ফেরান তাসকিন আহমেদ।

ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করতে পারেননি। এ কারণে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধুমড়ে-মুচড়ে দিয়ে ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমেও শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া।

দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদের বলে ব্যাটের প্রান্ত ছুঁয়ে বল চলে যায় থার্ড স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। ১০ বলে ৮ রান করে ফেরেন রেনশ।

এরপর নিজের ওভারের দ্বিতীয় বলেই ইনসুইঙ্গারে ট্রাভিস হেডকে বোল্ড করেন শরিফুল। বলটি হেডের উরুতে লেগে স্টাম্পে আঘাত করে। ওভারের পঞ্চম বলে শরিফুলের ডেলিভারি বুঝে উঠতে পারেননি লাবুশেন। বল স্টাম্প উপড়ে ফেলায় সাজঘরে ফেরেন তিনিও।

হেড ২২ রান করলেও লাবুশেন করেন মাত্র ৪ রান। শরিফুলের জোড়া আঘাতে অস্ট্রেলিয়া চাপে পড়লেও এখন সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন স্মিথ ও গ্রিন।



banner close
banner close