শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

১২ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ০৭:১৩

শেয়ার

১২ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে একে একে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন কুমার দাস।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে প্রথম বলেই ধাক্কা দেন স্টার্ক। মিডল স্টাম্পের ওপর পিচ করা বল হালকা বেরিয়ে যাওয়ার সময় সাদমানের ব্যাটের বাইরের কানায় লাগে। গালিতে সহজ ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। গোল্ডেন ডাক মেরে ফেরেন সাদমান।

এরপর স্টার্কের পরের ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম। ফুল লেংথ ডেলিভারি ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপে বাউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তিনি। ডারউইনে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরলেন তামিম।

তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকেও ফেরান স্টার্ক। মিড স্টাম্পে পিচ করে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার পথে বল শান্তর প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্ত বহাল থাকে। শূন্য রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

স্টার্কের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরেন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বল অযথা ব্যাট এগিয়ে দিয়ে গালিতে ক্যাচ দেন তিনি। ৯ রান করেন মুমিনুল।

এরপর লিটন কুমার দাসও স্টার্কের শিকার হন। প্রথমে স্লিপে সহজ ক্যাচ দিয়েও জীবন পান লিটন। তবে পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। ফলে চতুর্থ ব্যাটার হিসেবে খালি হাতে ফিরতে হয় লিটনকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

এদিকে ইনিংসের প্রথম বলেই সাদমানকে ফিরিয়ে একাধিক রেকর্ডে নাম তুলেছেন মিচেল স্টার্ক। টেস্টে ম্যাচের প্রথম বলেই এ নিয়ে চতুর্থবার উইকেট পেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্সকে পেছনে ফেলে এই তালিকায় শীর্ষে উঠেছেন তিনি।

টেস্টের প্রথম ওভারে এ নিয়ে ৯ বার উইকেট পেয়েছেন স্টার্ক। জেমস অ্যান্ডারসনের ৮ উইকেটের রেকর্ড ছাড়িয়ে এই তালিকাতেও শীর্ষে উঠেছেন তিনি। টেস্ট ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার হিসাবে স্টার্কের সংখ্যা এখন ৫। এই তালিকায় তার ওপরে আছেন শুধু রিচার্ড হ্যাডলি, ৬ বার।

এ ছাড়া টেস্ট ইনিংসের প্রথম ওভারে স্টার্কের মোট উইকেট এখন ২৯টি। এ ক্ষেত্রেও অ্যান্ডারসনের ২৮ উইকেটের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন এই ভেন্যুর অভিষেক হয়েছে। টেস্ট ইতিহাসে এটি ১২৭তম স্টেডিয়াম।

ম্যাচের আগে পিচ কিউরেটর পিটার ক্যাজাকফ জানিয়েছিলেন, উইকেটে অনেক গতি থাকবে এবং বল ব্যাটে ভালোভাবে আসবে। গ্যাবার মতো মাটি ব্যবহার করায় একই ধরনের আচরণ আশা করা হয়েছিল। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথও নেটে ব্যাটিংয়ের সময় গ্যাবার কথা মনে পড়ার কথা জানিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন এনেছে। বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামছেন তিনি।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, নাথান লায়ন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেজেলউড।

বাংলাদেশ একাদশেও একটি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে স্কোয়াডে যোগ দেওয়ার পর সরাসরি একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। তার জায়গা করে দিতে বাদ পড়েছেন ইবাদত হোসেন চৌধুরি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

পরপর দুই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টের মতো এবার আগে ফিল্ডিং নয়, টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ডারউইনে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে ম্যাকাইয়ের এই ম্যাচে জিততে পারলে দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার বিরল কীর্তি গড়বে বাংলাদেশ।

প্রায় ১৪০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে পুরুষদের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে পারেনি কোনো দল। সেই ইতিহাস বদলের সুযোগ এখন বাংলাদেশের সামনে। তবে সেই লক্ষ্যে দ্বিতীয় টেস্টের শুরুতেই বড় ধাক্কা খেল নাজমুল হোসেন শান্তর দল।



banner close
banner close