রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ০৮:০০

শেয়ার

ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

ডারউইন টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়ানোর আভাস দেওয়া স্বাগতিকরা চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। দেড় ঘণ্টা না যেতেই তিন উইকেট হারিয়েছে তারা।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের সপ্তম ওভারে পঞ্চম উইকেট হারায় তারা। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বিউ ওয়েবস্টারও। ১৩ মাস পর ও ১৩ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরি করা গ্রিনকে সঙ্গ দিতে নেমে ওয়েবস্টার ৫ রান করে মিরাজের বলে বোল্ড হন।

এরপর প্যাট কামিন্সও মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। তাকেও ফেরান মিরাজ। নতুন দিনে এটি ছিল মিরাজের তৃতীয় এবং ইনিংসে চতুর্থ উইকেট। কামিন্সের বিদায়ে ২০৭ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনের খেলা শেষে ৬৭ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা প্রথম ইনিংসের মতো দ্রুত ভেঙে পড়েনি। বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করলেও তৃতীয় দিনের শেষ সেশনে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বড় লিড নেয় সফরকারীরা।

শনিবার তৃতীয় দিনের খেলায় লাঞ্চের পরপর অলআউট হয় বাংলাদেশ। চার উইকেট হাতে নিয়ে নেমে চারটিই নেন জশ হ্যাজলউড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট শিকার করেন এই অস্ট্রেলিয়ান পেসার।



banner close
banner close