ডারউইন টেস্টে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপর্যয়ের মধ্যে ভাগ্যও যেন বারবার তাদের পাশে দাঁড়াচ্ছে। তেমনই এক ঘটনায় স্টাম্পে বল লাগার পরও আউট হওয়া থেকে বেঁচে গেছেন ক্যামেরন গ্রিন।
শনিবার (১৫ আগস্ট) অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দ্রুত তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। উইকেট আরও একটি বাড়তে পারত। তবে তাসকিন আহমেদের বলে স্টাম্পে বল লাগার পরও বেঁচে যান গ্রিন।
ইনিংসের ৩১তম ওভারে তাসকিনের একটি ডেলিভারি গ্রিনের ব্যাটের কানায় লেগে স্টাম্পে আলতো ছোঁয়া দেয়। তবে সেই ছোঁয়ায় বেলস পড়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি ছিল না। ফলে আউট হওয়ার হাত থেকে বেঁচে যান অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
টিভি রিপ্লেতেও দেখা যায়, বল লেগ স্টাম্পে স্পর্শ করেছিল। ধারাভাষ্যকক্ষে সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যালিসা হিলি মজা করে বলেন, ট্র্যাভিস হেড কি বেলসে আঠা লাগিয়ে গিয়েছিলেন?
এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও প্রযুক্তির কারণে বেঁচে যান স্টিভেন স্মিথ। ইবাদত হোসেনের একটি বল স্মিথের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে জমা হয়। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা।
পরে রিভিউ নেয় বাংলাদেশ। স্মিথ সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু আল্ট্রাএজে কোনো স্পাইক দেখা না যাওয়ায় বেঁচে যান তিনি। পরে সংবাদ সম্মেলনে স্মিথ নিজেই স্বীকার করেন, বল ব্যাটে লাগার অনুভূতি তিনি পেয়েছিলেন।
আরও পড়ুন:








