অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট জয়টি মিরপুরে। তবে ডারউইন টেস্টে ইতিহাস বদলের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৪২৬ রান করেছে বাংলাদেশ। এতে বিদেশের মাটিতে প্রথম ইনিংসে নিজেদের সর্বোচ্চ ২২৮ রানের লিড পেয়েছে তারা।
মারারা স্টেডিয়ামের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে শুরুতেই চাপ তৈরি করেন বাংলাদেশের পেসাররা। এরপর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে একাধিক রেকর্ডও হয়েছে।
৪২৬ রান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ৪২৬ রান এশিয়ার বাইরে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। ২০০৬ সালের ফতুল্লা টেস্টে ৪২৭ রান করেছিল বাংলাদেশ।
এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৯৫ রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেছিল বাংলাদেশ।
২২৮ রানের লিড
বিদেশের মাটিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২২৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯২ রানের লিড ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় চারটি লিড রয়েছে। তবে সবগুলোই দেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৭, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০১, জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৫ এবং আফগানিস্তানের বিপক্ষে ২৩৬ রানের লিড নিয়েছিল বাংলাদেশ।
৯২ বল
অস্ট্রেলিয়ার বিপক্ষে আট বা তার নিচে ব্যাটিংয়ে নেমে ৯২ বল মোকাবিলা করেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে এই অবস্থানে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালের চট্টগ্রাম টেস্টে নাসির হোসেন ৯৭ বল খেলে সর্বোচ্চ রেকর্ডটি গড়েছিলেন।
হ্যাজলউডের ৩০০ উইকেট
বাংলাদেশের ইনিংস ৪২৬ রানে থামানোর পথে ৬ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হ্যাজলউড। টেস্টে এটি তার ১৪তম ফাইফার।
পরিসংখ্যান যা বলছে
২০০০ সালের পর প্রথম ইনিংসে অন্তত ১৫০ রানে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়া মাত্র তিনবার টেস্ট জিতেছে। ২০১০ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা। এছাড়া ২০০৪ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ এবং ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
অর্থাৎ ২০০০ সালের পর প্রথম ইনিংসে ২০০ রানের বেশি পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়া মাত্র একবার টেস্ট জিতেছে। ডারউইনে বাংলাদেশের লিড ২২৮ রান।
২০১৯ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্টের পর ঘরের মাঠে প্রথমবারের মতো প্রথম ইনিংসে ২০০ রানের বেশি পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে পড়ার পর ৮২ বার ম্যাচ খেলেছে তারা, যার মধ্যে জয় পেয়েছে মাত্র তিনবার।
তবে প্রথম ইনিংসে ২৯৭ রানে পিছিয়ে থাকার পরও টেস্ট জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই জয় পেয়েছিল তারা। এছাড়া ১৯৫০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:








