ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দিয়েছে বাংলাদেশ। তিন উইকেট হারানোর পর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা স্টিভেন স্মিথকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৩৮ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১২৪ রান করেছে অস্ট্রেলিয়া। এখনো বাংলাদেশের চেয়ে ১০৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ক্যামেরন গ্রিন ৪৪ বলে ২৪ এবং অ্যালেক্স ক্যারি ২ বলে ১ রানে অপরাজিত আছেন।
চতুর্থ উইকেটে স্মিথ ও গ্রিন ১০০ বলের বেশি ব্যাট করে বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন। কয়েকটি কৌশলে চেষ্টা করেও জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশ। শেষ পর্যন্ত মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। ৮৮ বলে ৪৪ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ১০৬ বলে ৪৯ রানের জুটি।
এর আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিলেন হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারে জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করার পর ১০ম ওভারে ফেরান ট্রাভিস হেডকে। ইবাদত হোসেনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হেড হাসানের বলে কাট করতে গিয়ে বোল্ড হন। ৩৫ বলে ১৭ রান করেন তিনি।
এরপর স্পিন আক্রমণে যোগ দেন তাইজুল ইসলাম। ইনিংসের ২০তম ওভারে মিডল ও লেগ স্টাম্প বরাবর ফুল লেংথের বলে মার্নাস লাবুশেনকে বোল্ড করেন তিনি। এতে স্মিথের সঙ্গে লাবুশেনের ৩৬ রানের জুটি ভাঙে। চলমান টেস্টে বাংলাদেশের স্পিনারদের মধ্যে প্রথম উইকেট পাওয়া বোলার হন তাইজুল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ২২৮ রানের লিড পেয়েছে সফরকারীরা।
তৃতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই ৯২ বলে ১৪ রান করা হাসান মাহমুদকে হারায় তারা। এরপর ২৩ বলে ১৭ রান করে ফেরেন তাইজুল ইসলাম।
মেহেদী হাসান মিরাজ অবশ্য তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এর মাঝেই টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি তুলে নেন মিরাজ। মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই জশ হেজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৫৪ বলে ৬৫ রান।
এরপর আর পাঁচ ওভার টিকতে পারেনি বাংলাদেশ। তাসকিন ও ইবাদত হোসেনের শেষ উইকেট জুটিতে আসে ৮ রান। ১৮ বলে ৭ রান করে ইবাদত ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের শেষ দুই উইকেটই নেন হেজেলউড। প্রথম ইনিংসে মোট ৬ উইকেট শিকার করেন এই পেসার।
আরও পড়ুন:








