শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ছাড়াল ২০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ০৮:১০

শেয়ার

মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ছাড়াল ২০০
ছবি সংগৃহীত

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ফিফটির পর বাংলাদেশের সংগ্রহ চারশ ছাড়িয়েছে এবং লিডও দুইশ রান পেরিয়েছে।

৩২ রানে দিন শুরু করা মিরাজ ১১৭ বল খেলে ৫ চারে তুলে নেন ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি। ১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরে এক রান নেওয়ার মধ্য দিয়ে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি পেয়েছেন মিরাজ। তার ফিফটিতে ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালি দিয়ে অভিবাদন জানান।

মারারা স্টেডিয়ামে বাংলাদেশের আধিপত্য ধরে রেখেছেন মিরাজ। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছে।

১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে বাংলাদেশের স্কোর চারশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশের লিডও দুইশ রান পেরিয়ে যায়।

পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটি ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন তিনি।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম আউট হন। এরপর মিরাজের ফিফটি ও তাসকিনের ব্যাটে বাংলাদেশের লিড আরও বড় হয়।



banner close
banner close