ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ গড়িয়েছে, আর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বাংলাদেশ। সফরকারী নাজমুল হোসেন শান্তদের জন্য চ্যালেঞ্জটা তুলনামূলক বেশি হওয়ার কথা থাকলেও ডারউইনের মারারা স্টেডিয়ামের উইকেট কামিন্স-স্মিথদের কাছেও অচেনা। সেই তুলনায় স্বাগতিকদের ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। যা অজি ক্রিকেটারদের ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে দিতে পারে বলে মনে করেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
চলমান টেস্টটি অস্ট্রেলিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। আর এ কারণেই রিকি পন্টিং বলছেন, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে বেশ উদ্বেগপূর্ণ পরিবেশ বিরাজ করবে। কারণ বাংলাদেশ তাদের লিড ১৫০ রানের দিকে নিয়ে গেছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
ম্যাচের বাকি অংশে ছন্দে ফিরতে না পারলে বেশ কয়েকজন ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি। চ্যানেল সেভেনের আলোচনায় তিনি বলেন, এই মুহূর্তে তারা বেশ কঠিন চাপের মুখে আছে। আগামী কয়েকদিনে তাদের সামনে যে পরিস্থিতি আসতে চলেছে, তা সম্ভবত তাদের অনেকের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, তারা উদ্বিগ্ন থাকবে এবং সেই উদ্বেগ ধীরে ধীরে তাদের গ্রাস করতে শুরু করবে। টেস্ট ম্যাচে তারা অনেক পিছিয়ে আছে। আর শনিবার সকালেই অস্ট্রেলীয় ব্যাটিং লাইন-আপের মানসিকতা, মান ও দক্ষতার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে দাপুটে পারফরম্যান্সে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫১ রান। মেহেদী হাসান মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত আছেন।
এর আগে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া তানজিদ হাসান তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মুমিনুল হক ৪৯ রান করেন।
আরও পড়ুন:








