আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি-তে রিভার প্লেটে যোগ দিয়ে ইতিহাস গড়েছেন থিয়াগো আলমাদা। আতলেতিকো মাদ্রিদ থেকে ২ কোটি ২০ লাখ ডলারের বিনিময়ে আর্জেন্টাইন এই তারকাকে দলে ভিড়িয়েছে রিভার প্লেট। দেশটির সংবাদমাধ্যম ওলের প্রতিবেদনে বলা হয়েছে, এটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার।
গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। তবে স্প্যানিশ ক্লাবটিতে নিজের সেরাটা মেলে ধরতে এবং নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিতে সংগ্রাম করতে হয়েছে তাঁকে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে আতলেতিকোর হয়ে ৪০ ম্যাচে মাঠে নেমে চার গোল ও দুটি অ্যাসিস্ট করেন আলমাদা।
রিভার প্লেটের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্লাবটির একটি পোস্ট শেয়ার করেন আলমাদা। সেখানে জানান, নতুন ক্লাবে যোগ দিতে ইতোমধ্যে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আলমাদাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে পারে রিভার প্লেট। একই দিন রিভার ক্যাম্পে কোচ এদুয়ার্দো কোউদেতের অধীনে অনুশীলনেও যোগ দিতে পারেন তিনি। এরপর কোপা সুদআমেরিকানায় ইন্ডিপেনদিয়েন্তে সান্তা ফে’র বিপক্ষে ম্যাচে সতীর্থদের সঙ্গে কলম্বিয়া সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।
ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমি থেকে উঠে আসা আলমাদা চুক্তির শর্ত অনুযায়ী আগামী সাড়ে তিন বছর রিভার প্লেটে থাকবেন। তবে চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে আতলেতিকো মাদ্রিদ চাইলে ৪ কোটি ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে তাঁকে আবার দলে ফিরিয়ে নিতে পারবে।
আলমাদাকে বিদায় জানিয়ে আতলেতিকো মাদ্রিদ নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে লিখেছে, আলমাদাকে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের কাছে হস্তান্তরের বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। ক্লাবটি তাঁর নতুন চ্যালেঞ্জ এবং পেশাদার ও ব্যক্তিগত ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে।
শৈশবের ক্লাব ভেলেজ সার্সফিল্ড ছাড়ার চার বছরেরও বেশি সময় পর আবারও আর্জেন্টিনার ফুটবলে ফিরলেন আলমাদা। এর আগে ব্রাজিলের ক্লাব বোতাফোগো থেকে ধারে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্রান্সের লিওঁতে খেলেছেন তিনি। এরপর গত গ্রীষ্মে ২ কোটি ১০ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।
রিভার প্লেটে যোগ দেওয়ার মাধ্যমে শুধু নিজের দেশের ফুটবলে ফেরাই নয়, আর্জেন্টাইন ক্লাব ফুটবলের ইতিহাসেও নতুন একটি রেকর্ডের অংশ হয়ে গেলেন আলমাদা।
আরও পড়ুন:








